গণতন্ত্র পুনরুদ্ধার করতে ফের জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলা মোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, সরকারের যে স্বৈরাচারী ব্যবস্থা আছে, যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে, এই ফ্যাসিবাদকে রুখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে আজকে যেটা প্রয়োজন জাতীয় ঐক্য। আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমাদের সবার দায়িত্ব হচ্ছে একটা জাতীয় ঐক্য গড়ে তুলে এই দেশকে এই ফ্যাসিবাদীর হাত থেকে রক্ষা করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া এবং নিরপেক্ষ একটি সরকারের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করা। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করি।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব। গণফোরামের (একাংশের) সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিকল্পধারার একাংশের সভাপতি নুরুল আমিন বেপারী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের নেতা শহিদুল্লাহ কায়সার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ